Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) কী?

রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হল একটি বিশেষায়িত ব্যাংক তহবিল স্থানান্তর ব্যবস্থা যার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক বা প্রকৃত সময়ে তহবিল স্থানান্তর করা যায়। 'রিয়েল টাইম' বা প্রকৃত সময় বলতে বুঝায় এখানে লেনদেন সম্পূর্ণ হতে কোন নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না বরং লেনদেন প্রক্রিয়া করার সাথে সাথেই লেনদেন সম্পূর্ণ হয়ে যায়। আর 'গ্রস সেটেলমেন্ট' অর্থ লেনদেনটি অন্য কোনও লেনদেনের সাথে সম্পৃক্ত নয় এবং একবার লেনদেন প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেটাই চূড়ান্ত এবং অপ্রত্যাহারযোগ্য।


সর্বপ্রথম ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারাল রিজার্ভ ওয়্যার নেটওয়ার্কে আরটিজিএস পদ্ধতি চালু হয়। এটি টেলিগ্রাফের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংকগুলির মধ্যে বৈদ্যুতিকভাবে তহবিল স্থানান্তর পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। যুক্তরাজ্য এবং ফ্রান্স ১৯৮৪ সালে স্বাধীনভাবে আরটিজিএস পদ্ধতি তৈরি করে। ১৯৮৫ সাল পর্যন্ত তিনটি কেন্দ্রীয় ব্যাংক আরটিজিএস পদ্ধতি বাস্তবায়ন করেছিল। দেশ ভেদে এই পদ্ধতির প্রযুক্তিগত ও কাজের ধরনের ভিন্নতা লক্ষ্য করা গেলেও বর্তমান বিশ্বের প্রায় সকল দেশে আরটিজিএস ব্যবস্থা চালু আছে।

আরটিজিএস পদ্ধতি সাধারণত একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়, কারণ এটি একটি দেশের অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত। কেন্দ্রীয় ব্যাংক লেনদেনকারী ব্যাংকসমুহের হিসাব সমন্নয় করে। যেমন:- 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড' আরটিজিএস পদ্ধতি ব্যবহার করে 'অগ্রণী ব্যাংক লিমিটেড' এ ১ লাখ টাকা স্থানান্তর করল। তখন কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড' এর হিসাব থেকে ১ লক্ষ টাকা ডেবিট বা বিয়োগ করে 'অগ্রণী ব্যাংক লিমিটেড’ এর হিসাব ক্রেডিট বা যোগ করে দেয়। আবার যখন 'অগ্রণী ব্যাংক লিমিটেড' এই পদ্ধতি ব্যবহার করে 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড' এ টাকা স্থানান্তর করবে, তখন কেন্দ্রীয় ব্যাংক 'অগ্রণী ব্যাংক লিমিটেড’ এর হিসাব ডেবিট বা বিয়োগ করে 'বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড' এর হিসাব ক্রেডিট বা যোগ করে দিবে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক ক্রমাগত উভয় ব্যাংকের হিসাব সমন্বয় করে থাকে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে লেনদেনের ঝুঁকি হ্রাস করা বিশেষ করে বড় অঙ্কের তহবিল স্থানান্তরের ঝুঁকি হ্রাস করা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ