Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্যাংক ক্যাশিয়ারের দিনশেষে ক্যাশ না মিললে করণীয় কী?



একজন ক্যাশিয়ার একটি ব্যাংকের ব্রাঞ্চ অফিসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের দেশে যদিও ক্যাশিয়ার এর পদটাকে ব্রাঞ্চে কর্মরত অন্যান্য পদের সাথে তুলনা করে ছোট করে দেখা হয়, তবু ব্যাংকিং অপারেশন চালাতে গেলে যে ধরনের জনবল দরকার, তাতে ক্যাশিয়ার পদের জনবল বাধ্যতামূলক। ব্যাংকের গ্রাহক বা ব্রাঞ্চের আশেপাশের লোকজন একটি ব্রাঞ্চের যে কয়জন লোককে বেশি চেনেন বা জানেন তাদের মধ্যে ক্যাশিয়ার একজন। কারন, ব্যাংকিং কার্যক্রমের খাতিরে একজন ক্যাশিয়ারের সাথেই একজন গ্রাহকের সবচেয়ে বেশি দেখা সাক্ষাত ও কথাবার্তা হয়ে থাকে। যা হোক, একজন ক্যাশিয়ার তার দৈনন্দিন কার্যক্রম চালাতে গিয়ে বিভিন্ন ঝুকির সম্মুখীন হয়। উক্ত ঝুকি সমূহের মধ্যে দিনশেষে ক্যাশ ব্যালেন্স মিলাতে গিয়ে টাকা কম পড়া একটি। এটা প্রায়শই হয়ে থাকে। তাই একজন ক্যাশিয়ারের জানা উচিত দিনশেষে ক্যাশ ব্যালেন্স মিলাতে গিয়ে টাকা কম পড়লে তার করণীয় কী। এবার আসুন জেনে নেয়া যাক এ পরিস্থিতিতে একজন ক্যাশিয়ারের করণীয় সম্পর্কে।

করণীয়-১) টাকা পুনরায় গণনা করা

কোনও ব্যাংক ক্যাশিয়ারের ড্রয়ারে যখন দিন শেষে টাকা কম থাকে তখন সারাদিনের ক্লান্তি শেষে সেটা কষ্টদায়ক। ক্যাশিয়ারকে তার ড্রয়ারের টাকা পুনঃগণনা করতে হবে। এক্ষেত্রে, টাকা ম্যানুয়ালি এবং মেশিনে দুভাবেই গণনা করে দেখতে হবে। তারপরেও না মিললে ড্রয়ারের এমন কোন জায়গা, যদি থাকে যেখানে সাধারণত ক্যাশিয়ারের হাত যায়না কিংবা সহজে দৃষ্টিগোচর হয়না সে জায়গাগুলোতে ভালো করে দেখতে হবে যে সেখানে কোন টাকার নোট রয়ে গেছে কিনা। 

করণীয়-২)  ভাউচারের সাথে মিলিয়ে কম্পিউটারের পোস্টিং চেক করুন

টাকা পুনঃগণনায় হিসাব মেলানো সম্ভব না হলে কম্পিউটারে ভাউচার পোস্টিং দেয়ার সময় কোন পোস্টিংয়ে ভুল হয়েছে কিনা তা যাছাই করতে হবে। কোন পেমেন্টের পোস্টিং ভুলবশত জমা খাতে দেখানো হয়েছে কিনা সেটাও বিবেচনায় রাখতে হবে। এছাড়া, জমা ভাউচার পোস্টিংকালীন ১০০০.০০ টাকার স্থলে ১০,০০০.০০ কিংবা কোন সংখ্যার ডানে শুন্য বেশি দেয়া হয়েছে কিনা তা দেখতে হবে। আবার পেমেন্ট পোস্টিংয়ের ক্ষেত্রে ১০০০.০০ টাকার স্থলে শুন্য একটি কম দিয়ে ১০০.০০ টাকা পোস্টিং দেয়া হয়েছে কিনা ভাউচারের সাথে মিলিয়ে যাছাই করতে হবে।

করণীয়-৩) উর্দ্ধতনদের অবহিত রাখুন

টাকা পুনঃগণনায় এবং ভাউচার পোস্টিং যাছাই করে হিসাব মেলানো সম্ভব না হলে প্রাথমিকভাবে বিষয়টি ক্যাশ ইনচার্জ বা আপনার রিপোর্টিং বসকে অবহিত রাখুন। বিষয়টি অবহিতকরনের পর পুনরায় নগদ টাকা, ভাউচার, পোস্টিং প্রভৃতি যাছাই করুন। 

করণীয়-৪) উর্দ্ধতনদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করুন

সকল ধরনের যাছাই বাছাই শেষেও যদি ক্যাশ কম থাকার বিষয়ে কোন সুরাহা করতে না পারেন তবে ক্যাশ ইনচার্জ, প্রয়োজনে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে আলোচনায় বসুন। অভিজ্ঞ ব্রাঞ্চ ম্যানেজার কিংবা ক্যাশ ইনচার্জ অবশ্যই একটি সুপরামর্শ আপনাকে দেবেন। যদি তাদের পরামর্শ আইনসংগত হয়, সেক্ষেত্রে সে মোতাবেক কাজ করুন। 

করণীয়-৫) ঘাটতি ক্যাশ পুনর্ভরণ করুন

যদি উর্দ্ধতনের পরামর্শ মোতাবেক কাজ করেও ঘাটতি টাকার হিসাব মেলাতে না পারেন, তবে টাকার অংক যাই হোকনা কেন, তার পুরো দায়িত্ব আপনাকেই নিতে হবে। তবে, টাকার পরিমাণ যদি কম হয়, তবে সম্ভব হলে নিজ উৎস হতে তা পুনর্ভরণ করে ক্যাশ ব্যালেন্স মিলিয়ে রাখুন। তবে টাকার অংক বেশি হলে ও আপনার পক্ষে তা পুনর্ভরন করা সম্ভব না হলে এবং আপনার ব্যাংকে যদি অনাকাংখিত ঝুকি মোকাবেলার জন্য তহবিল রাখা থাকে, সেখান হতে কোন পুনর্ভরন নেয়া যায় কিনা সে ব্যাপারে আপনার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলুন। তবে, সব কথার এক কথা, আপনাকে ক্যাশ ব্যালেন্স মিলিয়েই আপনার দৈনন্দিন কাজ শেষ করতে হবে। অন্যথায়, আপনার চাকুরি হারানোর পাশাপাশি আইনী ঝামেলা পোহানোর জন্য প্রস্তুত থাকুন।

করণীয়-৬) ভুলের কারণ চিহ্নিত করুন এবং সতর্ক থাকুন

ক্যাশে টাকা কম পড়ার দিন নিজ উৎস কিংবা অন্যকোন উৎস হতে ঘাটতি পুরণ করা হলেও পরবর্তীতে কেন ক্যাশে টাকা কম পড়লো তা নিয়ে ভাবুন এবং আপনার ভুল চিহ্নিত করুন। ভুল চিহ্নিত করা সম্ভব হলে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি ঠেকাতে সর্বদা সতর্ক থাকুন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ