দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ করোনা মহামারির এ সময়ে গ্রাহককে সেবা দিয়ে আসছে। প্রতিদিন ব্যাংক কাউন্টারে অর্থ লেনদেন চলছে। ক্যাশ সেকশনে যেসব কর্মকর্তা-কর্মচারি কাজ করছেন তাদেরকে প্রতিদিন অর্থ/ টাকাসহ অনেক ময়লা কাগজ হাত দিয়ে স্পর্শ করতে হচ্ছে। অনেক সময় মুখের থুতু দিয়ে নোট গণনা করছেন ক্যাশ কর্মকর্তারা। কিন্তু মনে রাখা প্রয়োজন, কাগজের মুদ্রা ও ধাতব মুদ্রায় ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। সার্বিক বিবেচনায় করোনা সতর্কতায় ক্যাশ সেকশনের কর্মকর্তাদের নিম্নোক্ত নির্দেশনাবলী মেনে চলা প্রয়োজন-
১. সেবা প্রদানের সময় সাস্থ্যবিধি অনুযায়ী নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। সব সময় মুখে মাস্ক ব্যবহার করুন।
২. টাকা গণনার সময় মুখের থুথু নিবেন না। যতটা সম্ভব মেশিনে টাকা গণনা করুন। প্রয়োজনে ওয়াটার স্পঞ্জ ব্যবহার করুন। মুখের লালা ব্যবহার করে টাকা গননা কোনভাবেই করা যাবেনা। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
৩. টাকা গণনা বা নাড়াচাড়া করার পূর্বে হাতে গ্লাভস পড়ে নিতে হবে।
৪. টাকা নাড়াচাড়ার পরপর অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করতে হবে।
৫. টাকা গণনার পর হাত পরিস্কার না করা পর্যন্ত নাক পরিস্কার করা /নাক খোটা এবং চোখ পরিস্কার করা থেকে বিরত থাকবেন। মোট কথা, চোখ নাক ও মুখে হাত দেওয়া হতে বিরত থাকুন।
৬. জীবাণু নিরাময়ের জন্য শাখার ভল্ট ও ক্যাশ ড্রয়ারসহ সর্বত্র অ্যালকোহল ভিত্তিক জীবাণুনাশক ব্যবহার করা যেতে পারে।
৭. ব্যবহৃত টেবিল-চেয়ার, কম্পিউটার, ক্যালকুলেটরসহ অন্যান্য জিনিসপত্রাদি পরিষ্কার করার জন্য অ্যালকোহলভিত্তিক জীবাণুনাশক/ স্যানিটাইজার ব্যবহার করুন।
৮. ঘনঘন সাবান অথবা স্যানিটাইজার দিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত হাত ধোয়ার অভ্যাস করুন।
৯. হাত সাবান দিয়ে ভাল করে না ধুয়ে কোন খাবার/ ফল খাবেন না। জরুবী প্রয়োজনে চামচ/কাটা চামচ ব্যবহার করুন ।
১০. হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু অথবা রুমাল দিয়ে মুখ ঢেকে নিন। সেই টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলে নিজের হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন। কাউন্টারে আগত পরিচিত-অপরিচিত গ্রাহক/ ব্যক্তিবর্গের সঙ্গে হাত না মিলিয়ে প্রয়োজনে সালাম প্রদান করুন এবং দুরত্ব বজায় রেখে কুশলাদি বিনিময় করুন।
এছাড়াও, আপনার ব্যাংকের আভ্যন্তরীন, বাংলাদেশ ব্যাংক এবং বিশ^ সাস্থ্য সংস্থার করোনা সংক্রমন প্রতিরোধে জারিকৃত সার্কুলার ও নির্দেশনাবলী মেনে চলুন।

0 মন্তব্যসমূহ